কক্সবাজারে অপহরণের ১৬ ঘণ্টা পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন আজিজুল হক দুদু মিয়া (৩২) নামে এক যুবক। সোমবার রাত ১০টার দিকে কক্সবাজারের ঈদগড় এলাকায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।তবে পুলিশের দাবি, সন্ধ্যার পর থেকে পাহাড়ে যৌথ অভিযানের মুখে অপহৃতকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে অপহরণকারীরা।অপহরণের শিকার আজিজুল হক দুদু মিয়া (৩২) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়া গ্রামের মোক্তার আহাম্মদের (লেদুর বাপ) ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টার দিকে কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনার টেক এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় আজিজুলকে অপহরণ করে পাশের পাহাড়ে নিয়ে যায় তারা।আজিজুল হক দুদু মিয়া জানান, তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলেও শেষমেষ ৪০ হাজার টাকায় ছাড়া পান তিনি। পাহাড়ে টাকা বুঝে পাওয়ার পর রাত ১০টার দিকে তাকে ঈদগড় এলাকার কাছাকাছি নিয়ে ছেড়ে দেয় অপহরণকারীরা। মুক্তিপণ পেতে তাকে মারধর করা হয়েছে বলে জানান তিনি।দুদু মিয়া আরও জানান, তার কাছে থাকা ১৫ হাজার টাকার ও সন্ধ্যার পরে আরও ২৫ হাজার টাকা যোগ করে ৪০ হাজার টাকা দেয়া হয় অপহরণকারীদের।এদিকে অপহরণের খবর পেয়ে রামু থানা পুলিশ সকাল থেকে পাহাড়ে কয়েক দফা অভিযান চালায়। সন্ধ্যার পর তাদের সঙ্গে যোগ দেয় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ ও স্থানীয় লোকজন।ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান দাবি করেন, পুলিশের তৎপরতা বাড়ানোয় অপহরণকারীরা আজিজুল হক দুদু মিয়াকে পাহাড়ে রেখে সরে যান।সায়ীদ আলমগীর/এএম/জেআইএম