দেশজুড়ে

শিব গৌরীর নৃত্যে মুখরিত মির্জাপুর

হিন্দু সম্প্রদায়ের শিব পূজা ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোমবার শিব গৌরী বা হর গৌরী নৃত্যে মুখরিত ছিল মির্জাপুর। শিবপূজা বা নীলপাট পূজার শেষদিন ছিল এদিন। হিন্দু সম্প্রদায়ভূক্ত পাড়া মহল্লায় যারা শিব পূজার আয়োজন করেছেন তারা সকাল থেকে শিব-গৌরী, রাধা-কৃষ্ণ, বাঘ-ভালুক, ভূত- পেত্নী ও বেদে-বেদেনির মিছিল নিয়ে নেচে গেয়ে বাড়ি বাড়ি মাগন (ভিক্ষা) তুলছেন। এছাড়া তারা বাজার ঘাটেও ঢাক-ঢোলসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্য পরিবেশন করছেন।  সোমবার গভীর রাত পর্যন্ত এই শিব গৌরীর নৃত্য চলবে বলে পূজারীরা জানিয়েছেন। সোমবার রাতে মানুষের মাথার খুলি (মইন) দিয়ে হাজরা পূজা করা হবে। উপজেলা সদরের পোষ্টকামুরী পূজা কমিটির সাধারণ সম্পাদক ভীম কুমার রাজবংশী জাগো নিউজকে বলেন, শিব পরিচালনাকারী পুরোহিত (মাত্থুমা বা তান্ত্রিক) মাথার খুলি হাতে দিয়ে সন্নাসীকে শ্মশানঘাটে চালান করে দেবেন। শ্মশানে পূজা শেষে সন্ন্যাসী মন্দিরে ফিরে আসবেন বলে তিনি জানান। মঙ্গলবার হিন্দু সম্প্রদায় চৈত্র সংক্রান্তি উৎসব পালন করবেন। এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ভূক্ত ভাইয়েরা বোনের হাতে ছাতু খাবেন বলে জানা গেছে। এছাড়া শিব পূজা উপলক্ষে মির্জাপুরের বিভিন্ন এলাকায় বরশি খেলা ও মেলা বসবে। এমজেড/এমএএস/আরআইপি