দেশজুড়ে

যশোরে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বর্জন ঘোষণা প্রত্যাহার

যশোরে বৃহস্পতিবার আয়োজিত স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশ বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন সাংবাদিকরা। বুধবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের মধ্যস্থতায় সাংবাদিক নেতৃবৃন্দ ও পুলিশ সুপারের মধ্যে বিরোধ মীমাংসা বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।এর আগে পুলিশ সুপার আনিসুর রহমানের অপসারণের দাবিতে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা। সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলন কমিটির আহ্বায়ক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ দ্দৌলা। দুপুরে এই সমাবেশ স্থগিত করে জেলা প্রশাসকের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকে মিলিত হন যশোরের সাংবাদিক নেতৃবৃন্দ ও পুলিশ সুপার আনিসুর রহমান। সমঝোতা বৈঠকের পর বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন পুলিশ সুপার আনিসুর রহমান। একই সঙ্গে তিনি মামলা প্রত্যাহারের আশ্বাস দেন। পরে আন্দোলন কমিটির আহ্বায়ক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ দ্দৌলা স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বর্জনের ঘোষণা প্রত্যাহার করেন। বৃহস্পতিবার যশোর জিলা স্কুল মাঠে পুলিশ প্রশাসন আয়োজিত জঙ্গি ও মাদকবিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।উল্লেখ্য, ১৩ মার্চ বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। সম্মেলনে তিনি যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের চিত্র তুলে ধরে তার বরখাস্ত ও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। সন্ধ্যায় যশোর শহরের ঘোপ এলাকার বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। ১১ মার্চ নরসিংদীতে দায়ের একটি ষড়যন্ত্রমূলক প্রতারণা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে ১৪ মার্চ নরসিংদীর আদালত থেকে জামিনে মুক্ত হন বিনয়কৃষ্ণ মল্লিক।মিলন রহমান/এএম/জেআইএম