দেশজুড়ে

থানায় বোমা হামলা : এখনো রহস্য খুঁজে পায়নি পুলিশ

কুমিল্লার সদর উপজেলার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানায় বোমা হামলার ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও দুই যুবকের পরিচয় নিশ্চিত কিংবা হামলার রহস্য বের করতে পারেনি পুলিশ। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে এ নিয়ে ক্লু উদঘাটনের লক্ষ্যে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে তদন্তকারী সংস্থা। জানা যায়, জেলার চান্দিনায় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করার প্রায় এক সপ্তাহ পর ময়নামতি হাইওয়ে থানার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার ক্লু উদঘাটনসহ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সকলকে গ্রেফতারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। সর্বশেষ গত সোমবার রাতে ময়নামতি হাইওয়ে থানার সামনে দুর্বৃত্তদের রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে আরও একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত দেড়টার দিকে ঢাকা থেকে আসা বোমা বিশেষজ্ঞ টিম ওই বোমাটি নিস্ক্রিয় করে। হাইওয়ে পুলিশ জানায়, ময়নামতি হাইওয়ে থানার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায় থানা থেকে পশ্চিম দিক ময়নামতি থেকে থানার পুকুরপাড় দিয়ে ব্যাগ হাতে দুই যুবক এগিয়ে আসে। পরে তারা ব্যাগ রেখে আবারো ময়নামতির দিকে চলে যায়। এরপরই সোমবার রাতে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় গত মঙ্গলবার ওই থানার এসআই মো. এখলাছুর রহমান ভূইয়া বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত ওই দুই যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ বিষয়ে বুধবার রাতে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। যেহেতু এটি গুরুত্বপূর্ণ একটি মামলা, তাই তদন্তের স্বার্থে এ মুহূর্তে কিছু বলতে পারছি না। মো. কামাল উদ্দিন/এফএ/পিআর