ক্যাম্পাস

ঢাবি ভিসিকে তথ্য-প্রমাণ উপস্থাপনের অনুরোধ

‘খাতা না দেখেই চূড়ান্ত ফল দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়’- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে এমন বক্তব্যের স্বপক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গত মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় সম্বন্ধে দেয়া বক্তব্যের ব্যাপারে আলোচনা ও করণীয় নির্ধারণে বুধবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিটি অফিসে সিন্ডিকেটের তাৎক্ষণিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাবি ভিসিকে তার বক্তব্যের স্বপক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর জানায়, সিন্ডিকেট সভায় দীর্ঘ আলোচনা শেষে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত হয় যে, মঙ্গলবার সরকারি তিতুমীর কলেজের এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কোনো রূপ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া ঢালাওভাবে ‘খাতা না দেখেই চূড়ান্ত ফল দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়’ মর্মে যে বক্তব্য দিয়েছেস এবং যা পরদিন বুধবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়, তা খুবই অপ্রত্যাশিত, অবাঞ্ছিত, দুঃখজনক ও নিন্দনীয়।উপাচার্যের মতো দায়িত্বশীল পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তির পক্ষে অপর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে এরূপ মন্তব্য অনভিপ্রেত ও অসমীচীন। তার বক্তব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও বিগত বছরসমূহের লাখ লাখ শিক্ষার্থীর ডিগ্রিকে দেশে-বিদেশ প্রশ্নবিদ্ধ করবে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী। শিক্ষক হিসেবে তিনিও অবগত যে, উত্তরপত্র মূল্যায়ন না করে চূড়ান্ত ফল প্রকাশ কিছুতেই সম্ভব নয়। তাকে তার বক্তব্যের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন ও মর্যাদাহানির কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার বিশ্ববিদ্যালয়ের আছে। আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি