গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকালে জয়দেবপুর রেল জংশনের সিগনালের কাছে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি জামালপুর থেকে ঢাকা যাচ্ছিল। সকাল পৌনে ৭টার দিকে ট্রেনের পেছনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়। বগির এক্সেল বক্স মাত্রাতিরিক্ত গরম হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। বগি উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল প্রকৌশল বিভাগের লোকজন কাজ করছেন।তিনি জানান, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে অন্য সকল লাইনে ট্রেন চলাচল স্বভাবিক রয়েছে।আমিনুল ইসলাম/এফএ/এমএস