দেশজুড়ে

হাতকড়াসহ পালালো নাশকতা মামলার আসামি

যশোরের মণিরামপুরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ একাধিক নাশকতা মামলার আসামি পালিয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রতনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে মণিরামপুর থানা পুলিশের ওসি বিপ্লব কুমার নাথের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে কমপক্ষে দশজন নারী-পুরুষ আটক করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে রাজগঞ্জ পুলিশি তদন্ত কেন্দ্রের এএসআই ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে রতন দিয়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মফিজুর রহমানের ছেলে মনিরুজ্জামান মনিকে (৩৫) গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানায় আনার সময় তিনি কৌশলে পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার জানান, মনিরুজ্জামানকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় হাতকড়াসহ মনি পালিয়ে যায়। এরপর পুলিশ ওই গ্রামে ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করে। তবে পুলিশের দাবি গ্রেফতারের সময় মনিরুজ্জামনের পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায় এবং দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেয়। মনিরুজ্জামানের বিরুদ্ধে গত সংসদ নির্বাচনের সময় কেন্দ্র ভাঙচুরসহ একাধিক নাশকতা মামলা রয়েছে।স্থানীয় ইউপি সদস্য হাসান জানান, পুলিশের অভিযানে ওই গ্রাম থেকে মাও. আব্দুর রউফ, মকবুল হোসেন, আব্দুর রশিদ, সুলতান আহম্মেদ, সাইফুল্লাহ, রাসেল, মনিরুজ্জামান, নুরুনাহার খাতুন, ফরিদা খাতুনসহ ১০ জনকে আটক করা করেছে। সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি গ্রেফতারে জোর চেষ্টা চলছে। এ ব্যাপারে মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সাংবাদিকদের জানান, বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। মিলন রহমান/এআরএ/পিআর