দেশজুড়ে

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসির দাবি শিক্ষকদের

নতুন ভিসির দাবিতে সংবাদ সম্মেলন ও মানবন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষকরা।রোববার সকালে সংবাদ সম্মেলনে তারা বর্তমান উপাচার্য মো. মাহবুবর রহমানকে দ্বিতীয় দফা মেয়াদ না বাড়ানোর দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল মান্নান আকন্দ। অধ্যাপক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক অধ্যাপক মো. ইমরুল কায়েস, সহকারী অধ্যাপক আরিফুর রহমান খান ও জাহাঙ্গীর আলম খান প্রমূখ। বক্তরা বলেন, ২০১৩ সালের ২০মার্চ চার বছর মেয়াদে ভিসির দায়িত্ব পান। ২০১৭ সালের ১৯ মার্চ তার ওই মেয়াদ শেষ হচ্ছে। ইতোমধ্যে তিনি দ্বিতীয় মেয়াদে পূণঃনিয়োগ পাওয়ার তদবির শুরু করেছেন।এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক তার কর্মকালীণ সময়কার বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের তথ্য তুলে ধরেন। তারা বলেন, মাহমুবর রহমান আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন। তার সময়ে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ, বিশ্ববিদ্যালয়ে নিম্নমানের গবেষণা, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা ব্যবস্থার নিম্নমান ও ঝুঁকিপূর্ণ  হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিএনপি ও জামায়াতীকরণ করেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও পছন্দের ব্যক্তিকে একাধিক দায়িত্ব দিয়েছেন।  তাই বক্তারা মেয়াদ শেষ হওয়ার পর তার মেয়াদ না বাড়ানোর ও বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য শিক্ষককে ভিসি নিয়োগের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।উল্লেখ্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য সাবেক ট্রেজারার অধ্যাপক মো. গিয়াস উদ্দিন মিয়া, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোফাজ্জল হোসেন এবং অধ্যাপক এ আর এম সোলাইমান শিক্ষামন্ত্রীর কাছে বায়োডাটা জমা দিয়েছেন। আন্দোলনরত শিক্ষকদের দাবি এ তিনজনের মধ্য থেকেই যেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেয়া হয়।  সংবাদ সম্মেলন শেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের চত্বরে মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষরা বলেন, দাবি মানা না হলে কর্মবিরতিসহ বৃহত্তর আন্দেলনের কর্মসূচি দেয়া হবে। তবে বর্তমান ভিসি মাহবুবর রহমান তার বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তার সময়ে প্রতিষ্ঠানটি শান্তিপূর্ণভাবে ও আন্দোলনবিহীনভাবে চলেছে। সাবেক ভিসি আব্দুল মান্নান আকন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমিনুল ইসলাম/এফএ/আরআইপি