কক্সবাজারের উখিয়া-টেকনাফে অভিযান চালিয়ে সোয়া ২ কোটি টাকার ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়েছে। সোমবার দিনের বিভিন্ন সময়ে পৃথক এ অভিযান চালানো হয়।
কক্সবাজার ৩৪-বর্ডার গার্ড ব্যাটালিয়ান মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি জোয়ানরা যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ সামছুল মাতবরকে (২২) আটক করে। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চতলা গ্রামের আশরাফ আলীর ছেলে।এ সময় তার কাছ থেকে নগদ টাকাসহ মোবাইল সেট জব্দ করে বিজিবি। সোমবার দুপুরে আটকের পর তাকে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির নায়েব সুবেদার নজরুল ইসলাম। অপরদিকে, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করার খবর পেয়ে ২-বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সোমবার ভোরে অভিযান চালায়।এ সময় একটি নৌকায় তল্লাশি করে বেশ কয়েকটি ইয়াবার প্যাকেট পাওয়া যায়। পরে তা গুণে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যমানের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে এসব ইয়াবা ধ্বংস করা হবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ। সায়ীদ আলমগীর/এএম/আরআইপি