গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মো. বাবুল (৫০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির নসর মার্কেট পাকারমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজপাড়া এলাকার হাকিম উদ্দিনের ছেলে। তিনি ইট-বালির ঠিকাদারি ব্যবসা করতেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া স্বজনদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মোটরসাইকেলযোগে কোনাবাড়ির প্রকল্প থেকে বাড়ি ফেরার পথে পাকার মাথা রেলক্রসিং পার হওয়ার সময় বাবুল ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের নিচে কাটা পড়েন।
এতে তার এক হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা ময়নাতদন্তে ছাড়াই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যায়।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম