দেশজুড়ে

মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকরের দাবি কোটালীপাড়ায়

হুজি নেতা মুফতি হান্নানের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়া। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রতিদিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যাচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে সড়ক অবরোধ করে ও সমাবেশে মিলিত হয়।

এসময় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, দফতর সম্পাদক রুহুল আমীন লিটু, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগম, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, মুন্সী এবাদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, কলেজ শাখার সভাপতি স্বপন তালুকদার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, হুজি নেতা মুফতি হান্নান শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। ফাঁসির পরে এ কুলাঙ্গারের মরদেহ কোটালীপাড়ায় আনতে দেয়া হবে না।আমরা যে কোনো মূল্যে প্রতিহত করবো।

এছাড়াও আজকের সমাবেশ থেকে প্রতিদিন বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

এস এম হুমায়ূন কবীর/এফএ/জেআইএম