দেশকে এগিয়ে নিতে তরুণ নেতৃত্ব প্রয়োজন। এজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তবেই দেশের অগ্রগতি আসবে। সোমবার রাজধানীর ইএমকে সেন্টারে সামাজিক সংগঠন ইয়ুথ স্কুল ফর সোস্যাল অ্যানট্রাপ্রেনেউরস (ওয়াইএসএসই) আয়োজিত ‘স্টার্টআপ গেটওয়ে’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে তরুণ নেতৃত্ব প্রয়োজন। এক্ষেত্রে তরুণ উদ্যোক্তারা লিডিং পজিশনে আছে। তরুণ উদ্যোক্তারা দেশের সম্পদ। তারা পরিবারের নেতৃত্ব দেবে, পরিবার থেকে পরবর্তীতে দেশে নেতৃত্ব দেবে।’
তিনি বলেন, সরকার কখনো দেশকে এগিয়ে নিতে পারে না, যদি না দেশের জনগন সরকারকে সাহায্য করে। এইখানে একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে তরুণ উদ্যোক্তারা। দেশ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে টাইমেক্স গ্রুপ সিঙ্গাপুরের চেয়ারম্যান সৌরভ আলজাহিদ, দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসান, ঢাকা ব্যাংক লিমিটেডের হেড অব কমিউনিকেশন্স অ্যান্ড ব্র্যান্ডিং আনোয়ার ইহতেশাম খন্দকার, ফায়ারফ্লেম মিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও সিইও এলেক্স ম্যাকেঞ্জি, অপটিমাক্স কমিউনিকেশন্স লিমিটেডের সিইও ও পরিচালক ইকবাল বাহার জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইয়ুথ স্কুল ফর সোস্যাল অ্যানট্রাপ্রেনেউরসের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ মো. ইউসুফ, সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক জুয়েল রানা, আবাসন নিউজের স্টাফ রির্পোর্টার আরিফুল ইসলাম, সহ-সম্পাদক আয়েশা আরাফাত ইকরা।
এমএসএস/আরআইপি