কুমিল্লার আদালতে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এমপি’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ১নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ মামলার বাদি ও আদালত সূত্রে জানা গেছে, হজ্ব, তাবলীগ নিয়ে কটুক্তি ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেন সাংবাদিক মির্জা ফসিহ উদ্দিন আহমেদ ওরফে শাহীন মীর্জা। তিনি গত বছরের ২ অক্টোবর বাদি হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত কোতয়ালি মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সামসুজ্জামান গত বছরের ১৫ ডিসেম্বর কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য মামলাটি কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল আদালতে পাঠান। এ মামলায় বৃহস্পতিবার ১নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিকে বাদি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. ইউসুফ আলী, অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. খায়রুল এনাম পটুসহ অন্যান্য আইনজীবী।এসএস/পিআর