দেশজুড়ে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

গোপালগঞ্জের মান্দারতলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে গোপালগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুব আলী সোহেল এবং বোড়াশী ইউপি চেয়ারম্যানের ভাই তুষারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পৌর কাউন্সিলর সোহেল এবং বোড়াশী ইউপি চেয়ারম্যানের ভাই তুষারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মান্দারতলা এলাকায় সংঘর্ষে লিপ্ত হন। এক ঘণ্টাব্যাপি এ সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হন। এসময় ৮-১০টি দোকানেও হামলা ও ভাঙচুর চালানো হয়।পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় ছবি তুলতে গিয়ে সাংবাদিক আনিসুর রহমান কাজল আহত হন। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে পুলিশ। গোপালগঞ্জের পুলিশের ওসি জাকির হোসেন মোল্লা জাগো নিউজকে জানিয়েছেন, পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এমজেড/এমএএস/আরআইপি