দেশজুড়ে

‘ভূইফোঁড়’ মানবাধিকার সংগঠনে মানুষ আতঙ্কিত

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন ফরিদ বলেছেন, ‘ভূইফোঁড়’ মানবাধিকার সংগঠনগুলোর জন্য মানুষ এখন আতঙ্কিত। এদের জন্য প্রকৃতকর্মীরাও নিজেদের মানবাধিকার কর্মী পরিচয় দিতে সংকোচ বোধ করেন। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চার কাউন্সিলর ও মানবাধিকার কর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি।ফরিদ উদ্দিন বলেন, মানুষের অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব শুধু আমাদেরকেই দিয়েছেন। তাই পরিচয় দিতে সংকোচ বোধ না করে মানুষের সেবায় কাজ করতে হবে। মানুষের সঙ্গে প্রতারণা করবেন না।নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী বলেন, মানবাধিকার নামটা যতটা ছোট কাজ ততটা ছোট না। মানুষের অধিকার রক্ষার জন্য প্রচুর কাজ করতে হয়। তাই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকে তুলে ধরবেন। সাধারণ ও নির্যাতিত মানুষের পক্ষে কথা বলবেন। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বিএইচআরসিএল) নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি কাজী মো. মোহাসীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. শরফুদ্দীন। এছাড়া নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বিএইচআরসিএল) নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ও সাংবাদিক মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।মো. শাহাদাত হোসেন/আরএস