কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর একরাম হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকা থেকে কোতয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী, অস্ত্র-বিস্ফোরক, নারী নির্যাতন ও বিশেষ ক্ষমতা আইনে ১৫টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, নগরীর ঠাকুরপাড়া এলাকার পলাশবাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে বাবুকে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। তিনি গত ৩০ মার্চ কুসিক নির্বাচনে বিজয়ী হন। বাবু জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
নির্বাচনের সময় তার হলফনামায় দেয়া তথ্য মতে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র-বিস্ফোরক, নারী নির্যাতন ও বিশেষ ক্ষমতা আইনে ১৫টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১২টি বিচারাধীন এবং সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের ৩টি মামলা তদন্তাধীন রয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, ওই কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মো. কামাল উদ্দিন/এফএ/এমএস