দেশজুড়ে

পরাজয় জেনেই সরকারের সমালোচনায় মেতেছেন খালেদা

রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গেলে নিশ্চিত পরাজয় জেনেই খালেদা জিয়াসহ বিএনপি নেতারা সরকারের সমালোচনায় মেতে উঠেছেন। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না বলেই তারা সরকারের ভালো কাজেরও প্রশংসা করে না।

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামের হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভুলকরা ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের টাকায় স্বপ্নের পদ্মা সেতু তৈরি করছে। এ সরকারের আমলে রেল, সড়ক, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও তথ্য-প্রযুক্তিসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই দেশের উন্নয়ন হওয়া। শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হচ্ছে।

মুজিবুল হক বলেন, জামায়াত-বিএনপি ক্ষমতায় থাকাকালে সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। লুটপাটের কারণে অসংখ্য রেলস্টেশন বন্ধ করে দেয়া হয়েছিল। সরকার হটাও আন্দোলনের নামে পেট্রল বোমার আগুনে বিএনপি-জামায়াত দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা এখন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছে। আসলে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

রেলপথ মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় এসে সার ও কৃষি উপকরণ কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসে। বাংলাদেশের উন্নয়ন দেখে এখন বিশ্ববাসীও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন।

পৃথক দুটি অনুষ্ঠানে বক্তব্য দেন সদ্য সমাপ্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, আওয়ামী লীগ নেতা ভ ম আফতাবুল ইসলাম, জি এম মীর হোসেন মীরু, শাহজালাল মজুমদার, জাহিদ হোসেন টিপু, জয়নাল আবেদীন খোরশেদ, জাফর ইকবাল, কাজী জাফর আহম্মদ, মাহবুব হোসেন মজুমদার, সৈয়দ আহাম্মদ খোকন, মোশারেফ হোসেন, কাজী আবুল খায়ের, অ্যাডভোকেট আবদুল মান্নান ভূইয়া প্রমুখ।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম