গোপালগঞ্জের কাশিয়ানীতে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা বাড়ির গৃহকর্ত্রী লাভলী বেগমকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং অন্যান্য সদস্যদের পিটিয়ে আহত করে।
গুরুতর আহত লাভলী বেগমকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামদিয়া গ্রামের সৌদি প্রবাসী জামাল মিনার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির গৃহকর্ত্রী লাভলী বেগম জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল ভবনের কেচিগেট ভেঙে ভবনের কক্ষে প্রবেশ করে। এসময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে অন্য কক্ষে ঘুমিয়ে থাকা ছেলে-মেয়েদের দেখতে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে উপর্যপুরি কোপায়। অন্য কক্ষে থাকা আমার ছোট ভাই ইব্রাহিমকেও লাঠি দিয়ে পেটায়। পরে ডাকাতরা আলমারিতে রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই গৃহকর্ত্রী জানান।
কাশিয়ানী থানা পুলিশের রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি।
এস এম হুমায়ূন কবীর/এমএএস/পিআর