টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় চলন্ত নৌকায় দুই বোনকে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের সপ্তাহ খানেক পর শুক্রবার রাতে গোপালপুর থেকে নজরুল নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর নজরুলকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে। নজরুল সিরাজগঞ্জের কাজীপুর থানায় তিনটি ও ভূঞাপুর থানায় দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল কবির জানান, উপজেলার চরাঞ্চলের গাবসারায় গামের্ন্ট কর্মী দুইবোনকে তাদের বাবার সামনে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামি নজরুলকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার তদন্ত কর্মকর্তা ওসমান গনির নেতৃত্বে পুলিশ গোপালপুর উপজেলার কোনাবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। অন্যদিকে আলোচিত দুইবোনকে গণধর্ষণের ঘটনায় গাবসারা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংঙ্কা করছে চরাঞ্চলের মানুষ।শনিবার ভূঞাপুর থানায় সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃত নজরুল জানায়, আমি ঘটনার সঙ্গে জড়িত নই। প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকায় বসবাস করেছি। এছাড়া বালু বিক্রি ও উত্তোলনের সাথে জড়িত। বিএ/আরআইপি