দেশজুড়ে

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় আধিপত্য বিস্তারের ঘটনায় প্রতিপক্ষের হামলায় খুন হয়েছে আমির হোসেন রাজন নামে এক ছাত্রলীগ নেতা।

শনিবার দুপুরের দিকে ঢামেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বেলা পৌনে ১২টার দিকে জেলার দাউদকান্দি উপজেলা সদরের পশ্চিম মাইজপাড়া মসজিদের সামনে ওই সশস্ত্র হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাসীরা রাজনকে কুপিয়ে তার হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালায়। দুপুর আড়াইটার দিকে মুঠোফোনে দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাজন উপজেলা সদরের কাজিরকোনা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্যসহ বিভিন্ন কারণে রাজনের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ সৃষ্টি হয়। উভয় গ্রুপ ক্ষমতাসীন দলের ছায়ায় থাকলেও পাল্টাপাল্টি মামলা-হামলারও ঘটনা ঘটে।

শনিবার প্রতিপক্ষের ৮/১০ জন সশস্ত্র সন্ত্রাসী উপজেলা সদরের পশ্চিম মাইজপাড়া মসজিদের সামনে তার উপর হামলা চালায়। এ সময় রাজনের দুই পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে সন্ত্রাসীরা মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি, নিহতের বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। ঘটনার কারণ ও জড়িত গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

এদিকে ওই হত্যাকাণ্ডের পর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শ করেছেন। ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

কামাল উদ্দিন/এমএএস/জেআইএম