দেশজুড়ে

কুবিতে ছাত্রলীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার হাতে আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এসএম জোবায়ের শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে ছাত্রলীগের সম্মেলন শেষে প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে। পরে সাংবাদিকরা তাৎক্ষণিক ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতির কাছে লিখিত অভিযোগ প্রদান করেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ছাত্রলীগের সম্মেলন শেষে দুপুরে প্রশাসনিক ভবনের চারতলায় মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণে কুমিল্লা বিশ্ববিদালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এসএম জোবায়ের অংশগ্রহণ করতে গেলে তাকে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ নেতা সৌরভ।

মধ্যাহ্ন ভোজ শেষে অপর ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল সুজন কোনো কারণ ছাড়াই ওই সাংবাদিককে শরীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় সাংবাদিক সমিতির সভাপতি বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তার সাথেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রলীগ কর্মী আরাফাত ও দ্বীন ইসলাম লিখন।

এ সময় তারা সাংবাদিকদের আক্রমণ করার চেষ্টা চালায়। পরে সাংবাদিকরা ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেন।

তিনি বলেন, যদি বিষয়টি শাখা ছাত্রলীগ মিটমাট করতে না পারে তাহলে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ ব্যবস্থা নেবে। এদিকে সাংবাদিক সমিতি বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে সন্ধ্যায় সাংবাদিক এস এম জোবায়ের বলেন, কোনো কারণ ছাড়াই কুবিতে এর আগেও একাধিকবার সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনা ঘটে। কিন্তু এর কোনো বিচার না হওয়ায় বার বার এসব ঘটনা ঘটছে।

এর আগে গত ১৯ মার্চ অভিযুক্ত সুজন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী লিটন কুমার দাসকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছিল।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম