কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৪৭ হাজার ২৮০ পিস ইয়াবাসহ একটি বাস জব্দ করেছে বিজিবি। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এসব ইয়াবা ও বাসটি জব্দ করে।
কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মোসলেম উদ্দিন জানান, রামুর খুনিয়াপালং ইউপির মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রমে টেকনাফ থেকে কক্সবাজারগামী সরাসরি স্পেশাল সার্ভিসের (কক্সবাজার-জ-১১-০১৯৫) বাস তল্লাশি করে ৪৭ হাজার ২৮০ পিস ইয়াবা জব্দ করে। গোপন সংবাদের ভিত্তিতে বাসের ভেতরে ব্যাক লাইটের মধ্যে অতি কৌশলে লুকিয়ে রাখা এসব ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, এসব ইয়াবার বাজার মূল্য এক কোটি ৪১ লাখ ৮৪ হাজার টাকা। গাড়িতে থাকা যাত্রী, চালক, ও হেলপার কেউ ইয়াবার মালিকানা স্বীকার না করায় বাসটিও জব্দ করা হয়েছে। বাসের বাজার মূল্য ৩৫ লাখ টাকা। জব্দকৃত বাসটি বালুখালী শুল্ক কার্যালয়ে এবং ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএআর/এমএস