দেশজুড়ে

নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করেছে যুবদল ও বিএনপি নেতারা। এর মধ্যে যুবদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। তবে বাধা ছাড়াই সমাবেশ করেছে বিএনপি।

রোববার দুপুর সাড়ে ১২টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে জেলা ও মহানগর যুবদলের ব্যানারে মিছিল বের হয়।

মিছিলে জেলা যুবদল সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারি শাহআলম মুকুল, মহানগর আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ নেতৃত্ব দেন।

মিছিলের শুরুতেই পুলিশ বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা ফুটপাতে দাঁড়িয়ে পুলিশ বেষ্টনীতে ক্ষণিক সময়ের জন্য সভা করতে সক্ষম হয়।

মোশাররফ ও খোরশেদ জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উষ্কানিতে অহেতুক বাধা দিয়েছে। তবে পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, রাস্তা বন্ধ করে মিছিল করায় জনস্বার্থ বিঘ্নিত করায় রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। এতে  পুলিশের কাছ থেকে কোনো বাধা পড়েনি।

এসময় জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সেক্রেটারি মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মাসুকুল ইসলাম রাজীব, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, মিছিল ও সমাবেশ করার আগে বিএনপি কোনো অনুমতি নেয়নি। তাই পুলিশ জনগণের চলাচল বিঘ্ন যাতে না তাই তাদের মিছিলে বাধা দেয়া হয়েছে।

শাহাদাৎ হোসেন/এফএ/এমএস