দেশজুড়ে

‘কাজ দেও, নাইলি ভিক্ষে করতি দেও’

‘কাজ দেও, ভাতা দেও, নাইলি ভিক্ষে করতি দেও’ এই দাবিতে যশোরে মানববন্ধন করেছেন অন্তত ৩০ জন ভিক্ষুক। সোমবার দুপুরে যশোরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন করেন ভিক্ষুকরা।

মানববন্ধনে অংশ নেয়া ভিক্ষুকরা জানান, প্রশাসন-সরকার যশোরকে ভিক্ষুক মুক্ত করেছে। কিন্তু তারা কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পাননি। আবার প্রশাসন তাদের ভিক্ষাও করতে দিচ্ছে না। তাহলে তারা কী করবেন?

জন্ম থেকেই দুই পা হারানো প্রতিবন্ধী ভিক্ষুক শহিদুল ইসলাম জানান, ‘পাবলিক কচ্চে, সরকার তুমাগের সাহায্য দেচ্ছে, তাইলি আবার তুমরা ভিক্ষে করতিছো ক্যানো? আবার প্রশাসনও ভিক্ষে করতি বাধা দেচ্ছে। তাইলি আমরা খাব কী?’

আরবপুর এলাকার আরেক ভিক্ষুক শুকুর আলীর এক পা নেই। তিনি জানান, প্রশাসনের কোনো ধরনের সাহায্য সহযোগিতা তারা পাননি। অথচ এখন তারা ঠিকমত ভিক্ষাও করতে পারছেন না। এভাবে চললে তাদের না খেয়ে মরতে হবে।

সাড়াপোল এলাকার ভিক্ষুক কামরুজ্জামান জানান, তার চার হাত-পা গ্যাংগ্রিনে আক্রান্ত। ইতোমধ্যে তার এক হাত, এক পা কেটে ফেলতে হয়েছে। প্রতিমাসে ওষুধের জন্য লাগে ৩ হাজার টাকা। সংসারে স্ত্রী ও স্কুলে পড়া দুই ছেলে মেয়ে আছে। ভিক্ষা করে সংসার, চিকিৎসার ওষুধ, ছেলে মেয়ের লেখাপড়া চলে। এখন তা বন্ধ হয়ে গেলে তো না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাবেন।

তবে এই ভিক্ষুকরা এটাও জানান, ভিক্ষা করা অসম্মানজনক। এটা তারা বোঝেন। মানববন্ধনে অংশ নেয়ারা শারীরিকভাবে সব কাজের জন্য কর্মক্ষম নয়। তাই তাদের উপযোগী কাজ, প্রতিবন্ধী ভাতা প্রদানসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মিলন রহমান/এফএ/জেআইএম