কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল আজিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাইড়া একাদশ জয়ী হয়েছে। সোমবার বিকেল এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার বাইড়া লালপুর একাদশকে ০-১ গোলে হারিয়ে বাইড়া একাদশ বিজয়ী হয়।
আব্দুল আজিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এ লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পর যখন ভঙ্গুর অর্থনীতিতে জাতির জনক শেখ মুজিবুর রহমান দেশের অর্থনীতি সমৃদ্ধ করছিলেন, ঠিক তেমনি মুহূর্তে স্বাধীনতার বিপক্ষের শক্তিরা স্বপরিবারে তাকে হত্যা করে।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জঙ্গি ও স্বাধীনতা বিরোধীদের নিয়ে একটি ষড়যন্ত্রের ফোরাম গঠন করেছেন। আগামী নির্বাচনে দেশবিরোধী জঙ্গিবাদ ও নাশকতাকারীদেরকে জনগণ প্রত্যাখান করবে। দেশের উন্নয়নের স্বার্থে জনগণ আগামী নির্বাচনে আবারও নৌকাকে বেছে নেবে এবং জনগণ জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধীদের লাল কার্ড দেখাবে।
তিনি আরও বলেন, আমরা কঠোর হাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের দমন করবো। আগামী নির্বাচন জঙ্গি-রাজাকার ও আগুন সন্ত্রাসীদের হালাল করার নির্বাচন না বলেও তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা-৩ মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, বিএনপি-জামায়াতের দিন শেষ হয়ে গেছে। জনগণ তাদের আর বেছে নেবে না।
মিডিয়া ব্যক্তিত্ব আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ কাইয়ুম খসরু, তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাইছার অনিক, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, কাইয়ুম ভূঁইয়া, শরীফুল ইসলাম, সফিকুল ইসলাম প্রমুখ।
কামাল উদ্দিন/আরএআর/এমএস