দেশজুড়ে

গরমে ছুটি না দেয়ায় পোশাক কারখানায় ভাঙচুর

গাজীপুর মহানগরীর কাশিমপুরের এলাকার নয়াপাড়া এলাকায় মাসকো গ্রুপের তাসনিয়া ফেব্রিক্স লিমিটেডে ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। গরমে ছুটি না দেয়ায় এ পোশাক কারখানায় শ্রমিকরা ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ বিভিন্ন কারখানার বহিরাগত শ্রমিকরা তাদের কারখানায় হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র, দরজা জানালার কাচ, ৫টি গাড়ি, কারখানার মানবসম্পদ বিভাগের বেশ কিছু কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশীদ বলেন, সকাল থেকে কাশিমপুর নয়াপাড়া এলাকার বিভিন্ন গার্মেন্টসে কাজ চলছিল। সকাল ১১টার দিকে পাশের মন্ডল, কটন ক্লাব (বিডি) ও মাল্টি গার্মেন্টের শ্রমিকরা গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের গার্মেন্ট ছুটি দিয়ে দেয়া হয়।

ওসব কারখানার শ্রমিকরা ফিরে যাওয়ার সময় তারা পাশের তাসনিয়া গার্মেন্ট ছুটি দিয়ে দেয়ার জন্য দাবি জানাতে থাকে। একপর্যায়ে বহিরাগত শ্রমিকরা তাসনিয়া ফেব্রিক্স কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

পরে বহিরাগত শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে ২০৫-৩০টি কম্পিউটার, দুটি বাস, তিনটি প্রাইভেটকার ও মাইক্রোবাস, কারখানার দরজা, জানালার কাচ ও ফুলের টব ভাঙচুর করে।

খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করলে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আসে।

তাসনিয়া কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায়, এ ঘটনার পর কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। হামলায় তাদের কারখানার বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস