গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল) খান মো. বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছে ৭টি স্থাপনা উদ্বোধন এবং ৫টি স্থাপনার নাম ফলক উদ্বোধন করেন। স্থাপনা উদ্বোধনের সময় সকাল ১০টা ২৫ মিনিটে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এসময় বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের ভিতর হৈচৈ শুরু করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের ছোটাছুটি করতে দেখা যায়। অনুষ্ঠানস্থলে থাকা গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী জহিরুল ইসলাম নানাভাবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। ১৫ মিনিট পরে ১০টা ৪০ মিনিটে পুনরায় বিদ্যুৎ আসে। এর দুই মিনিট পরেই প্রধানমন্ত্রী অডিটোরিয়ামের ভেতরে অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন।পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল) খান মো. বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন। গাজীপুরের পল্লী বিদ্যুৎ সমিতির ছায়াবিথী জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক নূর মোহাম্মদ ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। নূর মোহাম্মদ সাংবাদিকদের জানান, অতিরিক্ত লোডের কারণে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সার্কিট ব্রেকার পুড়ে গিয়ে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সঙ্গে সঙ্গে বাইপাস সংযোগ দিয়ে বিদ্যুৎ লাইন আবার সচল করা হয়। তিনি জানান, দু`জনকে সাময়িক বরখাস্তের পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পবিস ব্যবস্থাপনা) মো. আব্দুস সাত্তার বিশ্বাসকে এ কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, প্রধান প্রকৌশলী মোস্তাফিজুল হক চৌধুরী ও পরিচালক (সিস্টেম অপারেশন কেন্দ্রীয় অঞ্চল) অঞ্জন কান্তি দাস।গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজীপুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার, ডেসকোর একজন প্রকৌশলী ও গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলী। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে এ তদন্ত কমিটি। মো.আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি