কক্সবাজারের টেকনাফের হ্নীলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের স্কুলপড়ুয়া শিশুসহ দুই সহোদর নিহত হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলা মৌলভী বাজার নয়া ব্রিজের উত্তর পাশে খারাংখালী গোদার পাড়ের দুই মেয়ে নাইক্ষ্যংখালী প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী নাহিমা আক্তার (৮) ও তার বোন আয়েশা ছিদ্দিকা (২) উত্তর মৌলভী বাজারের ফুফা নাগু মিয়ার ছেলে আব্দুল্লাহর বাড়ি হতে ফিরছিলেন।
এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রো (ঢাকামেট্টো-গ-২০-০৬২০) টেকনাফগামী একটি ডাম্পারকে সাইট দিতে গিয়েই মাইক্রোবাসটি অসাবধানতাবশত শিশুদের চাপা দেয়। তখন ডাম্পারটি দ্রুত পালিয়ে যায়।
পরে পথচারী এক মহিলা এই ঘটনা দেখে চিৎকার করলে মাইক্রোতে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। লোকজন উপস্থিত হতেই ঘটনাস্থলে স্কুলছাত্রী নাহিমা আক্তার মৃত্যুকোলে ঢলে পড়ে। তার ছোট বোন আয়েশা ছিদ্দিকাকে উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়ার পথে হোয়াইক্যং এলাকায় পৌঁছালে মৃত্যুবরণ করে।
এই খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে গাড়িটি জব্দ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাতেই নিহত দুই শিশুকে দাফনের প্রস্তুতি চলছে। এক সঙ্গে একই পরিবারের দুই শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সায়ীদ আলমগীর/এএম/পিআর