এবার কক্সবাজারের উখিয়ায় ডিবি পুলিশের সঙ্গে মানবপাচারকারিদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় নিহত হয়েছেন ফরিদুল আলম মাঝি (৩৮) নামের এক পাচারকারি। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এসময় পাচারকারিদের ফেলে যাওয়া একটি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে ওই উপজেলার সোনারপাড়া মোকতার মার্কেট এলাকায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। উখিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন জাগো নিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, মালয়েশিয়া যাওয়ার জন্য মানবপাচারকারিরা সোনারপাড়া এলাকায় লোকজন জড়ো করছেন, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালান মানবপাচারকারিরা। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ফরিদ মাঝি নামে এক মানবপাচারকারি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।নিহত ফরিদ মাঝির নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে ৭ মে মানবপাচার বিরোধী অভিযানে টেকনাফ সৈকতের হ্যাচারি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হন।তারা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার ধলু হোসেন (৫৫), সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার আবদুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) ও একই ইউনিয়নের খাড়িয়াখালির কবির আহমেদের ছেলে জাফর আলম (৩৮)। সায়ীদ আলমগীর/এমজেড/এমএস