গোপালগঞ্জে এক গ্রাম্য মহাজনকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
এ সময় পাঁচজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
এছাড়া ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনকে দশ হাজার টাকা করে জরিমানা অথবা আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত ১৭ জনের মধ্যে তিনজন পলাতক। ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে দুইজন পলাতক।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জাকারিয়া সাবু (৩৮), অলিউজ্জামান ওরফে খোকন মাস্টার (৪২), শাহাদত হোসেন (৩৮), হেমায়েত উদ্দিন (৩২) ও শাজাহান (২৯)। এদের মধ্যে সাবু ও শাজাহান পলাতক রয়েছেন।
যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত ১৭ জনের মধ্যে তিনজন এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে দুইজন পলাতক রয়েছেন।
এ মামলার বিবরণে জানা গেছে, কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের সিরাজুল হক ছিরু মোল্লার সঙ্গে আসামিদের গ্রাম্য আধিপত্য নিয়ে কোন্দল ছিল।
এর জের ধরে ১৯৯৯ সালের ১৬ অক্টোবর দুপুরে জুমার নামাজ পড়ে ছিরু মোল্লা নৌকায় করে বাড়ি ফেরার পথে আসামিরা নৌকায় হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ছিরুর স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই ৩৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
আদালতের এপিপি শহীদুজ্জামান পিকু জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দেয়া হয়েছে।
এফএ/এএম/জেআইএম