গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে এক দিনের রিমান্ডে নিয়েছে জয়দেবপুর থানা পুলিশ।গাড়ি ভাঙচুর ও পোড়ানো মামলায় গত বুধবার গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ওই আদালতের বিচারক শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।জয়দেবপুর থানা পুলিশের ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, গত বছর ৫ নভেম্বর গাজীপুর মহানগরের মালেকেরবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আদালত অধ্যাপক এমএ মান্নানের এক দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন। রোববার বিকেল তিনটার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে জয়দেবপুর থানায় আনা হয়।মেয়রের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরো ৬টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৩টিতে তিনি জামিনে রয়েছেন। এ ছাড়া ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় একটি মাইক্রোবাস এবং একটি লেগুনা ভাঙচুরের ঘটনায় এমএ ফরিদ নামে একজনের মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। ১২ মে ওই চার্জশিটটি শুনানির জন্য দিন ধার্য্য রয়েছে।উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এমতাবস্থায় গত ৮ মার্চ প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।আমিনুল ইসলাম/এমএএস/আরআই