দেশজুড়ে

নাটোরে শিশুসহ পাঁচজনকে পিটিয়ে আহত

নাটোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। পরে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় তাদের কাছে থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। গতকাল রোববার বিকেল ৩টার দিকে নাটোরের আহমেদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন আহমেদপুর এলাকার জুরাম শেখের ছেলে ওহিদুল ইসলাম (৪৫), তার ছেলে আনিসুর রহমান (১৩), আবুল কালম আজাদের ছেলে রবিন (২০), মফিজের ছেলে হারুন (৩২) ও কাচন উদ্দীনের ছেলে রাসেল (২৫)।

আহত ওহিদুল ইসলাম জানান, বিকেলে বৃষ্টির মধ্যে তার ছেলে আনিসুর পাশের এক দোকানে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা বেঞ্চের ওপর দিয়ে লাফিয়ে যাওয়ার সময় পানি ছিটে পড়ে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একই এলাকার ময়দানের ছেলে জরিপ ও আজাদসহ আরও কয়েকজন শিশুটিকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে।

এ সময় বাকি আত্মীয়রা তাকে ধরতে আসলে তাদের মারধর করে। একপর্যায়ে তাদের রবিন ফল ভান্ডারে ব্যাংক থেকে উঠানো ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এ বিষয়ে নাটোর বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইমরান হোসেন বলেন, ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজাউল করিম রেজা/এএম/পিআর