দেশজুড়ে

যশোরে ডিম রিপনসহ ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

যশোরে পুলিশের কাজে বাধাদান ও বোমা হামলা মামলায় শীর্ষ সন্ত্রাসী ফিঙে লিটনের ছোট ভাই সাইদুর রহমান ডিম রিপনসহ ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে এ মামলা থেকে অব্যাহতি চেয়ে চার্জশিটে আবেদন করা হয়েছে। রোববার যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই কবির হোসেন আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলেন, শহরের বারান্দী পাড়ার লুৎফর রহমানের ছেলে মাসুদুর রহমান নান্নু, মাহফুজুর রহমান পান্নু ও বাবু, পাঞ্জাব ড্রাইভারের ছেলে সমশের আলী টুকু, মোল্যাপাড়া আমতলার শফিয়ারের ছেলে রনি ওরফে টেরা রনি, আব্দুল আজিজের ছেলে টিপু ওরফে আসাদুজ্জামান, আক্তারুজ্জামানের ছেলে মাল্টি সুমন, লোন অফিস পাড়ার মোসলেম উদ্দিনের ছেলে শিপন ওরফে লম্বা শিপন, সিটি কলেজ পাড়ার কোরবান আলীর ছেলে মোমিন, আব্দুল করিম  মোল্যার ছেলে আব্দুল রহিম, নীলগঞ্জ শাহাপাড়ার মোহাম্মাদ হাসানের ছেলে সেলিম পলাশ ও শংকরপুরের শেখ মইনুদ্দিনের ছেলে আশিকুর রহমান বাবু। আদাল সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩১ এপ্রিল বিকেলে কোতোয়ালি মডেল থানা পুলিশ শহরের মণিহার সিনেমা হলের সামনে থেকে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি মাসুদুর রহমান নান্নুকে আটক করে। তার দেয়া তথ্যমতে সন্ধ্যায় নান্নুকে সাথে নিয়ে পুলিশ সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের অস্ত্র উদ্ধারে যায়। ভাতুড়িয়া গ্রামের মধ্যে পৌঁছালে রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী নান্নুকে ছিনিয়ে নেয়ার উদ্দ্যেশে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। পুলিশ এ সময় পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু, গুলিবিদ্ধ অবস্থায় নান্নুকে এবং বিস্ফোরিত বোমার স্প্রিন্টারের আঘাতে পুলিশের কনস্টেবল সবুজকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ১ এপ্রিল এসআই সোয়েব উদ্দিন আহম্মেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে এ মামলার ঘটনার সাথে জড়িত থাকায় ওই ১৪ জনকে অভিযুক্ত এবং সিরাজুল ইসলাম সিরা নামে এক আসামিকে অব্যাহতি চেয়ে চার্জশিটে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।মিলন রহমান/এমএএস/আরআইপি