দেশজুড়ে

কালীগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক তিনটি মামলায় তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন- কালীগঞ্জে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের আব্দুল কাদিরের ছেলে আলমগীর হোসেন আকন্দ (৩৮), পুনসহি গ্রামের শুক্কুর আলীর ছেলে ফাইজুল্লাহ (৪০) ও কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামের স্বপন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৮)। তাদের কাছ থেকে মোট ২৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জাঙ্গালীয়া ইউনিয়নে এসআই আশীষ কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এতে মরাশ হাফিজিয়া মাদরাসার পাশ থেকে আলমগীরকে আটক করা হয়। এ সময় পুলিশ তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা জব্দ করেন। আলমগীরকে আটকের পর তার জবানবন্দি অনুযায়ী একই ইউনিয়নের পুনসহি গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে পুনসহি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ফাইজুল্লাহ আটক করা হয়। পুলিশ তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা জব্দ করে।

অন্যদিকে, একই দিনে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামে অভিযান চালান। এ সময় হৃদয় নামের এক যুবককে পাঁচ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসেন।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, বুধবার দুপুরে ওই তিন মাদক ব্যবসায়ীকে পৃথক তিনটি মামলায় গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে আলমগীরের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

আব্দুর রহমান আরমান/আরএআর/জেআইএম