নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার দিনভর সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার পূর্বপাশে ফুটপাতে গড়ে ওঠে বিভিন্ন ফলের ও মিষ্টির দোকান। এতে ফুটপাত ও রাস্তা দিয়ে জনসাধারণের চলাচলে সমস্যার সৃষ্টি হয়। জনসাধরণের চলাচল নির্বিঘ্নে করার জন্য নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ নেয়। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জ শাখার উপ-পরিচালক ইমরান ফারহান জানান, পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতরকে সামনে রেখে মহাসড়কে চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকান, খাবার দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক ইমরান ফারহান, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোবায়েত হায়াত শিপলু, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম