নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরীর একটি শিপইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে আবু সিদ্দিক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু সিদ্দিক পটুয়াখালী জেলার সদর উপজেলার চারদরদী গ্রামের আব্দুল হক কল্যাণের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা শিল্প নগরীর রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তি মালিকানাধীন শিপইয়ার্ডে আবু সিদ্দিক নামে এক শ্রমিক লষ্কর হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছে। শনিবার শিপইয়ার্ডে ওই শ্রমিক কাজ করার সময় অসাবধানতাবশত একটি বিদ্যুৎতের ছেড়া তার তাকে স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাধন বসাক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি