দেশজুড়ে

শীতলক্ষ্যা নদী থেকে ৫টি এসএমজি রাইফেল উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে পাঁচটি এসএমজি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইশকা (বাসন্দা) বালুরঘাট এলাকা থেকে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি আরও জানান, পাইশকা (বাসন্দা) বালুরঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে পাঁচটি এসএমজি চাইনিজ অস্ত্র ফেলে রাখা হয়েছে- এমন খবরে জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে সেখানে অভিযান পরিচালনা করে ওই পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল অংশ নেন।

এ সময় নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি ইউনিটের উপ সহকারী পরিচালক মামুনুর রশিদ, রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি ইউনিটের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, শীতলক্ষ্যা নদীর ৮ থেকে ৯ ফুট পানির নিচ থেকে পাঁচটি এসএমজি চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের ৫নং সেক্টরের একটি লেক থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।

মীর আব্দুল আলীম/আরএআর/এমএস