দেশজুড়ে

রাফীর দায়িত্ব নিলেন ইউএনও

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মেধাবী দরিদ্র রাফী হাসানেরও দায়িত্ব নিয়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান।

রোববার দুপুরে ইউএনও রাফীর বালীগাঁও গ্রামের মামা বাড়িতে গিয়ে পরিবারের কাছে দায়িত্ব নেয়ার কথা প্রকাশ করেন। এর আগে উপজেলার দক্ষিণ চুয়ারীয়াখোলা গ্রামের জুয়েল নামের এক মেধাবী দরিদ্র শিক্ষার্থীর দায়িত্ব নেন ইউএনও।

জানা গেছে, গত ২৪ মে বিভিন্ন গণমাধ্যমে রাফীকে নিয়ে সংবাদ প্রকাশ হলে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের নজরে আসে। তিনি সংবাদগুলো পড়েন এবং কালীগঞ্জের ইউএনওকে রাফীর খোঁজখবর নিতে বলেন। পরে ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান ডিসির পক্ষে ফুল ও মিষ্টি নিয়ে রাফীর বাড়িতে যান এবং পরিবারের লোকজনের উপস্থিতিতে তার উচ্চ শিক্ষার দায়িত্ব নেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী হিরা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক এ. জেট. এম রিয়াদ খাঁন পায়েল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওমর আলী মোল্লা, কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞানের শিক্ষক নূর মহল বেগম, বিআরডিবি হিসাররক্ষক লিটন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছর এসএসসির ফলাফল প্রকাশের পর কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয় সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দারিদ্র জয় করে জিপিএ-৫ পাওয়া মেধাবীদের যোগাযোগ করতে অনুরোধ করেন। সেই প্রেক্ষিতে বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওমর আলী মোল্লা রাফীর পক্ষে যোগাযোগ করেন এবং তাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়। আর সেই প্রেক্ষিতে তার উচ্চ শিক্ষার দায়িত্ব নেন কালীগঞ্জ ইউএনও।

আব্দুর রহমান আরমান/এমএএস/আরআইপি