দেশজুড়ে

টেকনাফে অস্ত্রসহ যুবক গ্রেফতার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে অস্ত্র ও গুলিসহ নুরুল আফসার (২৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৭ এর একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতার নুরুল আফসার (২৪) টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়ার সেলিম আহাম্মদ এর ছেলে।

র‌্যাব-৭ সিপিসি-২ কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অস্ত্র ব্যবসায়ীরা আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করার লক্ষ্যে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি চৌকষ দল অভিযান চালায়। অভিযানে অস্ত্র ব্যবসায়ী নুরুল আফসারকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি করে একটি ৭.৬৫ মি. মি. বিদেশি পিস্তল, চারটি ওয়ানশুটার গান, চার রাউন্ড ৭.৬৫ মি. মি. পিস্তলের গুলি, ৬টি .১২ বোর শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার নুরুল আফসার কুখ্যাত ডাকাত আবদুল হাকিমের শ্যালক এবং সহকারী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যাসহ দুটি মামলা বিচারাধীন রয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম