সেন্টমার্টিনের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ১১৬ মালয়েশিয়াগামী উদ্ধার ঘটনায় ৩৯ দালালকে আসামি করে মামলা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ হাছান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এরপর বেলা ২টায় উদ্ধার মালয়েশিয়াগামীকে কক্সবাজার আদালতে হাজির করা হয়।টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, কোস্টগার্ড বাদী হয়ে ৩৯ জন মানবপাচারকারীর নাম উল্লেখ করে মামলা করেছে। মানবপাচারের সঙ্গে সারাদেশে সক্রিয় সংঘবদ্ধ সদস্যরা জড়িত থাকায় মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে অনেককে। ওসি জানান, উদ্ধার হওয়া ১১৬ জন যাত্রীকে বৃহস্পতিবার কক্সবাজার আদালতে পাঠানো হয়।আদালতে গিয়ে দেখা গেছে, এদের অধিকাংশ অসুস্থ। অনেকে ভালো করে নড়াচড়াও করতে পারছেনা। এদের মধ্যে চারজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারা আশঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানায়।উদ্ধার হওয়া অনেকের বাড়ি কক্সবাজার, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, বগুড়া, সুনামগঞ্জ, পাবনা, যশোর ও ময়মনসিংহ জেলায়।প্রসঙ্গত, থাইল্যান্ডে ধরপাকড় বেড়ে যাওয়ায় দালাল ও ট্রলার মাঝি-মাল্লারা অপর একটি ট্রলার নিয়ে পালিয়ে যায়। তারা থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক। পরে ১১৬ জন যাত্রী নিজেই ট্রলারটি নিয়ে সেন্টমার্টিন উপকূলের দিকে আসার সময় সেন্টমার্টিন কোস্টগার্ড তাদের আটক করে।মালয়েশিয়াগামী এসব হতদরিদ্রদের মঙ্গলবার বিকেলে সেন্টমার্টিন পূর্ব-দক্ষিণের গভীর বঙ্গোপসাগর থেকে আটক করা হলেও ১৩ মে বুধবার সকালে টেকনাফ উপকূলে নিয়ে আসা হয়। সেখান থেকে বৃহস্পতিবার আদালতে আনা হয়।এমএএস/আরআই