দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির ধীরগতি, যানজট

রোববার রাত থেকে বৃষ্টি আর চার লেনের কাজ চলার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়ে ধীরগতি এবং যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুলিলুর রহমান জানান, রাতে বৃষ্টির কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে গোড়াই থানাধীন টাঙ্গাইল মহাসড়কে ওই অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে গাড়ির চালকরা ‘সাইডরোড ইউজ’ না করে ‘সিঙ্গেল লাইনে’ চলতে গিয়ে গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

এছাড়া ওই মহাসড়কে চার লেনের কাজ চলতে থাকায় স্থানে স্থানে গাড়ির চাপ বেড়ে গিয়ে গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে। মাঝে-মধ্য্যেই যানজট হচ্ছে।

সালনা হাইওয়ে থানার এসআই কাজী সাইদুর রহমান জানান, রোববার মধ্যরাত থেকে বৃষ্টিপাতের কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশাই ব্রিজ থেকে চন্দ্রা এলাকার (ঢাকামুখী) প্রায় চার কিলোমিটার এবং ওয়ালটন কারখানার পাশ থেকে বংশাই ব্রিজ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার (টাঙ্গাইলমুখী) গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে। যার প্রভাব মাঝে মাঝেই টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত গাড়ির টেইল হচ্ছে। এছাড়া কালিয়াকৈর রেলওভার ব্রিজে খাড়াভাবে পথচলতে গিয়ে গাড়ির ধীর গতি হচ্ছে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর