দেশজুড়ে

যশোরে জাগরণী চক্রের শিশু পুষ্টি উৎসব

যশোরে শিশু পুষ্টি উৎসবের আয়োজন করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন। শনিবার শহরের নাজির শংকরপুর শিশুস্বর্গ প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পুষ্টি উৎসব অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার সাত মাস থেকে পাঁচ বছর বয়সী তিন`শ শিশু এবং তাদের মায়েরা অংশগ্রহণ করেন।জাগরণী চক্র ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাসিব নেওয়াজ জানান, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমানোসহ স্বাস্থ্যসেবার বেশ কয়েকটি সূচকে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে প্রশংসিত হলেও শিশু পুষ্টি পরিস্থিতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। আর এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করেছে। তিনি আরো জানান, ভিয়েতনামের পুষ্টি বিশেষজ্ঞ ফাম থি হং যশোরে এসে জাগরণী চক্র ফাউন্ডেশনের ২১ জন কর্মীকে পুষ্টি বিষয়ে চার দিনের প্রশিক্ষণ দেন। হাতে কলমে শেখা এ প্রশিক্ষণ জ্ঞান মায়েদের মাঝে ছড়িয়ে দিতে এবং স্থানীয়ভাবে সহজে ও কমদামে পাওয়া এমন সামগ্রী দিয়ে পুষ্টিকর খাবার রান্না করে তা সাত মাস থেকে ৫ বছর বয়সের ৩০০ শিশুকে খাওয়ানো হয়। পাশাপাশি কোনো বয়সের শিশুদের জন্য কিভাবে পুষ্টিকর খাবার রান্না করতে হয় তা পুষ্টি উৎসবে উপস্থিত মায়েদের হাতে কলমে শেখানো হয়। সংস্থার প্রশিক্ষিত কর্মীরা তৃণমূল পর্যায়ে সংস্থার উপকারভোগীদের মধ্যে এই পুষ্টি জ্ঞান ছড়িয়ে দেবেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু, ভিয়েতনাম থেকে আসা পুষ্টি বিশেষজ্ঞ ফাম থি হং, জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক খাইরুল ইসলাম ও যশোর পৌরসভার কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি। মিলন রহমান/এআরএ/পিআর