স্বাস্থ্য

বিশুদ্ধ রক্তের অভাবে যেনো কারও মৃত্যু না হয়

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রক্তের মধ্য দিয়ে জীবন প্রবাহিত হয়। স্বেচ্ছায় রক্তদান গুরুত্বপূর্ণ মানবিক কাজ। নির্ভেজাল রক্ত সংগ্রহের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সামাজিক আন্দোলন অব্যাহত রাখতে হবে। এই রক্তের অভাবে যেনো একজন মানুষেরও মৃত্যু না হয়, আবার দূষিত রক্ত গ্রহণ করে মানুষ যাতে রক্ত বাহিত রোগে আক্রান্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

বুধবার বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাঙামাটিসহ কয়েকটি জেলায় পাহাড়ধসে ৪ সেনা সদস্যসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোক প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে পাহাড়ধসে মানুষের মৃত্যু না হয় সে জন্য পরিকল্পনা গ্রহণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, রক্তের চাহিদা অনুযায়ী বছরে প্রায় ৬ লাখ ব্যাগ রক্ত সংগ্রহের উপর গুরুত্ব দিতে হবে। নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও রোগীর প্রয়োজনে তাৎক্ষণিকভাবে রক্ত পৌঁছে দিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সব সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে আরও তৎপর হতে হবে। নেগেটিভ গ্রুপের রক্ত যাতে রোগী তার প্রয়োজনে যথা সময়ে পায় সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহের সেবা ব্যবস্থাপনা) ডা. কাজী জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এতে আরও বক্তব্য রাখেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন।

এমইউ/জেএইচ/এমএস