গোপালগঞ্জ সদরের সাতপাড় ইউনিয়নের মেম্বার পঙ্কজ বালার মাথা ফাটিয়েছেন ওই ইউনিয়নের গ্রাম পুলিশ সোনাতন বসূ। বুধবার দিবাগত রাতে সাতপাড় মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতেই ওই গ্রাম পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী জানায়, গ্রাম পুলিশ সোনাতন বসূর বংশের এক কিশোর মেম্বার পঙ্কজ বালার বংশের এক কিশোরকে মারপিট করে। মেম্বার বিষয়টি জানতে ওই গ্রাম পুলিশের কাছে গেলে উভয়ের মাাঝে কথা কাটাকাটি হয়।
এর একপর্যায়ে গ্রাম পুলিশ মেম্বারের মাথায় লাঠি দিয়ে বাড়ি মারে। এতে মেম্বার গুরুতর আহত হলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে বৌলতলী তদন্ত কেন্দ্র পুলিশ এসে গ্রাম পুলিশকে গ্রেফতার করে।
বৌলতলী তদন্ত কেন্দ্রের এসআই মো. ফরিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রাম পুলিশকে গ্রেফতার করা হয়েছে। মেম্বারের পক্ষ থেকে অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এস এম হুমায়ূন কবীর/এএম/জেআইএম