দেশজুড়ে

মাদক ব্যবসায়ী-এলাকাবাসীর সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে পৌর কাউন্সিলর ও নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর বেদগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন শেখ আবীর (২৩), শেখ সাব্বির (১৬), শেখ এমরান (২৮), জহির মোল্লা (৩০), তরিকুল মোল্লা (২৩), রোমান মোল্লা (৩৬), আওলাদ মোল্লা (৫৫) ও আনিসুর রহমান (৩৮)। এ ঘটনায় মাদক ব্যবসায়ী মোশারাফ শেখসহ তিনজনকে আটক করেছে পুলিশ ।

এলাকাবাসী জানায়, শহরের মাদক সম্রাট বলে খ্যাত মোশারাফ শেখ এবং তার ভাই বাটুল শেখ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

এলাকার সাধারণ মানুষ এ নিয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। একপর্যায় এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে স্থানীয় জনগণ তাদের বিরুদ্ধে স্বোচ্চার হয়।

সম্প্রতি গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য শেখ শাহাবুদ্দীন হিটুর নেতৃত্বে ওইসব মাদক ব্যবসার স্থাপনা উচ্ছেদের চেষ্টা করা হয়। এর জের ধরে মোশারাফ ও তার ভাড়া করা লোকজন হিটুর লোকজনের ওপর হামলা চালায়।

এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে গোপালগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রোমান মোল্লা (৩৮) ও এক নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযান চালিয়ে পুলিশ মাদক ব্যবসায়ী মোশারাফ শেখসহ তিনজনকে আটক করেছে।

এস এম হুমায়ূন কবীর/এএম/জেআইএম