গাজীপুরের শ্রীপুরে বস্তার ভেতর থেকে বদিউল আলম ভূইয়া (৬২) নামে কিশোরগঞ্জের এক ইউপি সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
বদিউল আলম ভূইয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ৪নং সরারচর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য এবং গোবিন্দপুর গ্রামের মৃত ইলিয়াস ভূইয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে রাখা একটি বস্তার ভেতর থেকে শব্দ পেয়ে স্থানীয়রা কাছে গিয়ে এক ব্যাক্তিকে দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভিতর থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বদিউল আলম ভূইয়া জানিয়েছেন, তিনি বিদেশে লোক পাঠানো সংক্রান্ত বিষয়ে ঢাকার এক লোকের কাছে টাকা পান। শুক্রবার তিনি পাওনা টাকা আনতে ঢাকায় যান এবং ওই ব্যক্তির সঙ্গে ইফতার করেন। এরপর আর কিছু বলতে পারেন না। শনিবার সকালে তাকে শ্রীপুর থেকে উদ্ধার করা হয়।
এসআই আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার ইউপি সদস্যকে তার ছেলে জাহাঙ্গীর আলমের জিম্মায় দেয়া হয়েছে।
আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি