দেশজুড়ে

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

গোপালগঞ্জে ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিআরটিসি’র ড্রাইভার আবুল সিকদার (৫০), কাউসার (১২), মুন্নী আক্তার (১৮) ও অজ্ঞাত এক ব্যক্তি।

আহতদের ফরিদপুরের ভাঙ্গা ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মহসড়কের ওই স্থানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরসিটি বাসের সঙ্গে বিপরীত মুখি বরিশালের উদ্দেশ্যে যাওয়া গোল্ডেন লাইনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে মুচড়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই বিআরটিসি’র ড্রাইভার আবুল সিকদার ও মুন্নী আক্তার নিহত হন। আহত হন আরও ৩৫ যাত্রী।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠায়। এ সময় গুরুতর আহত কাওসার (১২) ও অজ্ঞাত (২৮) একজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম হুমায়ূন কবীর/এফএ/আরএআর/জেআইএম