কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা মূল্যের প্রায় ৪২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় একজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে এ অভিযান চালানো হলেও মঙ্গলবার দুপুরে আটক ব্যক্তিতে থানায় হস্তান্তরের পর বিকেলে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
আটক ব্যক্তির নাম মো. সেলিম (৩৫)। তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প ব্লক-১‘র বাসিন্দা গুরা মিয়ার ছেলে।
কোস্টগার্ড সূত্র জানায়, কোস্টগার্ড পূর্বজোনের অধীনে টেকনাফ স্টেশন ইনচার্জ লে. কমান্ডার জাফর ইমাম সজীবের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে যান কোস্টগার্ড সদস্যরা। এসময় টেকনাফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার উত্তর পূর্ব পার্শ্বে সেলিমকে দেখে সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাসি করে নীল রঙের একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটি খুলে ৩টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪২ ভরি ১১ আনা। এর বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৯১ হাজার ৭৫১ টাকা। আটককৃত ব্যক্তি ও স্বর্ণ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার ডিকসন চৌধুরী।
সায়ীদ আলমগীর/এমএএস/এমএস