দেশজুড়ে

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

যশোরে পারভীন খাতুন (২৫) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার ললিতাদাহ গ্রামের শ্বশুরালয় থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মঙ্গলবার বিকালে পারভীনের বাবা বাদী হয়ে তার স্বামীসহ চারজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন।নিহত পারভীন খাতুন যশোর সদর উপজেলার ললিতাদাহ গ্রামের হারুণ অর রশিদের স্ত্রী এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাহিরগাছি গ্রামের মোহাম্মদ আলী করিমের মেয়ে। মোহাম্মদ আলী করিম বলেন, পাঁচ বছর আগে তার মেয়ে পারভীন খাতুনকে ললিতাদাহ গ্রামের ধনু বিশ্বাসের ছেলে হারুণ অর রশিদের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের বছর খানেক পার হতে না হতেই বিদেশ যাওয়ার জন্য হারুণকে যৌতুক হিসেবে দুই লাখ টাকা দেয়া হয়। বিদেশে দেড় বছর থাকার পর দেশে ফিরে আসেন হারুণ। এরপর প্রায়ই সময় যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট করতে থাকেন। সর্বশেষ গত শনিবার এক লাখ টাকা যৌতুকের জন্য পারভীনকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হারুণকে ৭৫ হাজার টাকা দেয়া হয়। আর অবশিষ্ট ২৫ হাজার টাকার জন্য সোমবার রাতে তাকে মারপিটের পর শ্বাসরোধে হত্যা করে হারুণ ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান। মোহাম্মদ আলী করিম আরও বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হারুণের প্রতিবেশি তাসলিমা খাতুন নামে এক নারী মোবাইল ফোনে পারভীনার মৃত্যুর সংবাদ দেন। এ সংবাদে পারভীনের বাবাসহ পরিবারের লোকজন এসে ঘরের বারান্দায় তার মৃতদেহ দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্ত করে। এ দিন সন্ধ্যায় নিহতের বাবা মোহাম্মদ আলী করিম বাদী হয়ে জামাই হারুনার রশিদসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ্ আলী জানান, গৃহবধূ পারভীন খাতুনকে তার স্বামী এবং স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যা করেছে বলে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সুরতহাল রিপোর্টে পারভীনার শরীরে আঘাতের চি‎হ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।মিলন রহমান/এমজেড/আরআইপি