টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কামাল হোসেন (৪৩) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। শনিবার সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে কলোনীতে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন স্থানীয় গোপালপুর এলাকার (সাতরং মসজিদের পাশে) মৃত অলিউর রহমানের ছেলে এবং টঙ্গী থানা যুবলীগের সাবেক সহ-সভাপতি।
নিহতের ছোট ভাই মো. রুবেল মিয়া জানান, সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে কলোনীর পরিত্যক্ত (ডি-৯) ভবনের একটি কক্ষে এলাকাবাসী তার ভাইয়ের পেটে ছুরিবিদ্ধ মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে এবং উদ্ধার করে টঙ্গী থানায় নিয়ে যায়।
টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার এলাকাসীর বরাত দিয়ে জানান, স্থানীয় মো. হারুন মিয়া, আব্দুল হালিম মাহমুদ, নুরুল ইসলাম নুরু, কাজী বাবুসহ অনেকেই আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে রেলওয়ে কলোনীর পরিত্যক্ত ওই কক্ষটিতে মাঝে মধ্যেই আড্ডা দেন। প্রতিদিন সেখানে মাদক সেবনসহ জুয়ার আসর বসে। তবে বিভিন্ন সময় অভিযান চালিয়েও তাদেরকে ধরা যায়নি।
তিনি বলেন, সন্ধ্যায় কামালসহ তার বন্ধুরা মিলে হয়তো জুয়া খেলছিল। জুয়া খেলার এক পর্যায়ে তাদের মধ্যে কোনো শত্রুতা সৃষ্টির কারণে ওই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। সেখানে মুড়ি বানিয়ে খাওয়ার লক্ষণ ছিল। ঘটনাস্থলে তাস ও পেঁয়াজ-মুড়ি ছড়ানো ছিটানো ছিল। সেখান থেকে পেঁয়াজ-মরিচ কাটার জন্য ব্যবহৃত একটি রক্তাক্ত ছুরিও পাওয়া গেছে।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম